সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে। তবে এসব পরিবর্তন কবে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে তিনি বলেন, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে অধিবেশন আহ্বান করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণ অন্যতম। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও অধিবেশনের অংশ হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন অধিবেশন চলাকালীন সময়েই সম্পন্ন হবে।
এছাড়া রাজধানীর মোহাম্মদপুরর আদাবর এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

0 Comments