Meader Ads

Responsive Advertisement

প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই




 নোয়াখালীবেগমগঞ্জ উপজেলায় মো. আবদুল আহাদ (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অটোরিকশাচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আহাদ চট্টগ্রামর ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে নানার বাড়িতে বসবাস করত। জীবিকার তাগিদে স্থানীয় জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাত সে।

পরিবার জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে অটোরিকশার মালিক আহাদের স্বজনদের জানান যে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে গ্যারেজে ফিরে আসেনি। এরপর থেকেই অটোরিকশাসহ নিখোঁজ ছিল আহাদ। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রবিবার দুপুরে স্থানীয় এক জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল–এর মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, ছিনতাই হওয়া অটোরিকশাটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments